• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর ফেস্টুন ছাপানোর অভিযোগে দেবীদ্বারের সেবা প্রিন্ট এন্ড প্রেস মালিক মহসিন গ্রেপ্তার ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা পটিয়া ভাটিখাইনে বিষপানে যুবকের রহস্যজনক মৃত্যু: ঘটনাস্থল নানার বাড়ি.. দেবিদ্বারে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আব্দুল কাদের সরকারের নেতৃত্বে রাজামেহার ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের শোডাউন ম্যাজিক ফেডারেশনের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন ম্যাজিশিয়ান বাসেত মাহমুদ দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে অভিযানে নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার ১৩ কুমিল্লায় বর্ষীয়ান তিন আলেমকে সংবর্ধনা বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা সাজেকে সড়ক অবরোধে আটকে পড়ল চিকিৎসাসেবা, প্রসূতি নারীর মৃত্যু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

ফেসবুকে ভাইরাল সার ডিলার বাতিলের কথিত নোটিশ, অবগত নন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা

মেহেদী হাসান রিয়াদ, নিজস্ব প্রতিবেদক : / ১৮ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

কুমিল্লার দেবিদ্বারে সার ডিলার নিয়োগ নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই কৃষি মন্ত্রণালয়ের নাম ব্যবহার করে সার ডিলার নিয়োগ বাতিলের একটি কথিত নোটিশ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ৮ নভেম্বর ২০২৬ তারিখ উল্লেখ করা ওই নোটিশে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) আওতাধীন সার ডিলার নিয়োগপ্রক্রিয়া বাতিলের কথা বলা হয়েছে। তবে কৃষি মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটের নোটিশ তালিকায় এ ধরনের কোনো নোটিশ পাওয়া যায়নি। এ বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায়। তিনি জানিয়েছেন, এ সংক্রান্ত কোনো অফিসিয়াল চিঠি বা নোটিশ তাঁর কার্যালয়ে আসেনি।

ফেসবুকে ছড়িয়ে পড়া নোটিশটিতে কৃষি মন্ত্রণালয়ের সার ব্যবস্থাপনা ও মনিটরিং অধিশাখার নাম, স্মারক নম্বর এবং মহাপরিচালকের স্বাক্ষর ব্যবহার করা হয়েছে। এতে উল্লেখ করা হয়, দেশের বর্তমান সার পরিস্থিতি, বাজার ব্যবস্থাপনা এবং সরকারি সারের সরবরাহ ও বিতরণ কার্যক্রমের স্বার্থে ২০২৬ সালে অনুষ্ঠিত বিএডিসি সার ডিলার নিয়োগপ্রক্রিয়া বাতিল করা হয়েছে। একই সঙ্গে নির্বাচিত সব প্রার্থীর নিয়োগাদেশ বা নিয়োগপত্র বাতিলের কথাও বলা হয়েছে।

তবে কৃষি মন্ত্রণালয়ের সরকারি ওয়েবসাইটের (moa.gov.bd) নোটিশ বোর্ডে অনুসন্ধান করে এ সংক্রান্ত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত নোটিশটির সত্যতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

এ বিষয়ে দেবিদ্বার উপজেলা কৃষি কর্মকর্তা বানিন রায় বলেন, “সার ডিলার বাতিলের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই নোটিশটি সম্পর্কে আমি অবগত নই। আমি অফিসিয়ালি কোনো চিঠি কিংবা নোটিশ পাইনি।”

এদিকে নোটিশটি নিয়েও তৈরি হয়েছে বিভ্রান্তি। কারণ, এতে বিএডিসি সার ডিলার নিয়োগ বাতিলের কথা উল্লেখ থাকলেও দেবিদ্বারে সম্প্রতি যে সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, সেটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) আওতাধীন সার ডিলার নিয়োগকে কেন্দ্র করে। বিসিআইসি ও বিএডিসি পৃথক দুটি প্রতিষ্ঠান। ফলে এক প্রতিষ্ঠানের ডিলার নিয়োগসংক্রান্ত বিষয়কে অন্য প্রতিষ্ঠানের নিয়োগের সঙ্গে মিলিয়ে দেখার সুযোগ নেই।

এদিকে দেবিদ্বার পৌরসভা ও ইউনিয়ন গুলোতে নতুন ডিলার নিয়োগের তালিকা প্রকাশের পর বিতর্কের সূত্রপাত হয়। নিয়োগপ্রক্রিয়ায় অনিয়ম, পক্ষপাতিত্ব ও রাজনৈতিক বিবেচনার অভিযোগ তুলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এর প্রতিবাদ জানান।

এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর ২০২৬ দেবিদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সদ্য নিয়োগপ্রাপ্ত ডিলারদের মধ্যে কয়েকজনের বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তোলা হয়। পাশাপাশি নিয়োগপ্রক্রিয়ার অনিয়ম তদন্ত করে অভিযোগ প্রমাণিত হলে বিতর্কিত নিয়োগ বাতিল এবং স্বচ্ছ প্রক্রিয়ায় নতুন ডিলার নিয়োগের দাবি জানানো হয়।

সমাবেশ শেষে বিএনপির একটি প্রতিনিধিদল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করে তাদের অভিযোগ ও দাবির বিষয়টি তুলে ধরে।

এ ঘটনার পর সার ডিলার নিয়োগ বাতিলের দাবিকে ঘিরে স্থানীয়ভাবে আলোচনা চলছিল। এর মধ্যেই ৮ নভেম্বর তারিখসংবলিত কৃষি মন্ত্রণালয়ের নাম ব্যবহার করা নোটিশটি ফেসবুকে ছড়িয়ে পড়ায় নতুন করে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

তবে বিএনপির বিক্ষোভ সমাবেশের সঙ্গে কথিত নোটিশটি তৈরি বা প্রচারের কোনো প্রত্যক্ষ যোগসূত্র রয়েছে, এমন কোনো তথ্য পাওয়া যায়নি। কে বা কারা নোটিশটি তৈরি করেছে এবং কী উদ্দেশ্যে প্রচার করেছে, সেটিও এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

সংশ্লিষ্টদের মতে, সরকারি দপ্তরের নাম ও পরিচয় ব্যবহার করে এ ধরনের নোটিশ প্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। তাই নোটিশটির প্রকৃত সত্যতা যাচাই এবং এ বিষয়ে কৃষি মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ করা জরুরি। একই সঙ্গে সরকারি নির্দেশনা হিসেবে কোনো তথ্য প্রচারের আগে সংশ্লিষ্ট দপ্তরের ওয়েবসাইট বা দায়িত্বশীল কর্মকর্তার মাধ্যমে তা যাচাই করার আহ্বান জানিয়েছেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category