কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে ৪ কেজি অবৈধ গাঁজাসহ বিভিন্ন মামলার মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশা উদ্ধার করা হয়। এছাড়া পাসপোর্ট আইনের মামলায় ২ জন, তদন্তে প্রাপ্ত পলাতক আসামি ২ জন, চুরি মামলায় ১ জন, জিআর পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদক সেবনের অপরাধে সামারি ট্রায়ালের জন্য ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ২১ নভেম্বর ২০২৬ তারিখ দুপুর ১টা ৫ মিনিটে ব্রাহ্মণপাড়া থানার এসআই রূপম কুমার সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার ৭ নম্বর সাহেবাবাদ ইউনিয়নের সাহেবাবাদ ডিগ্রি কলেজের দক্ষিণ পাশে পুকুরসংলগ্ন পাকা সড়কে অভিযান পরিচালনা করেন। এ সময় ৪ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাসহ মো. রফিকুল ইসলাম (৪৫) ও মো. জীবন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের বাড়ি বরিশাল ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বলে পুলিশ জানিয়েছে।
একই দিন দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের উত্তর আশাবাড়ি এলাকায় সীমান্তের মেইন পিলার ২০৫৯ থেকে বাংলাদেশের অভ্যন্তরে প্রায় ৫ গজ দূরে অভিযান চালিয়ে মো. শিবলী (২৯) ও মেহেদী হাসান টিটু (৩৫) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে বিজিবি তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ২ লাখ ২২ হাজার টাকা, দুটি ব্যবহৃত মোবাইল ফোন এবং একটি হোন্ডা এনএক্স-২০০ মোটরসাইকেল উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।
এদিকে, ২২ নভেম্বর ব্রাহ্মণপাড়া থানার এসআই সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পরিচালিত অভিযানে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর একটি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. সুলতান আহাম্মেদ (৫৫) গ্রেপ্তার হন। তিনি উপজেলার ১ নম্বর মাধবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য বলে জানা গেছে।
একই কর্মকর্তা পৃথক অভিযানে চুরি মামলার তদন্তে প্রাপ্ত পলাতক আসামি মো. বায়জিদ (২৩) কে গ্রেপ্তার করেন। তার বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানার মামলা নম্বর ২৩, তারিখ ১৬ নভেম্বর ২০২৬, দণ্ডবিধির ৩৭৯ ধারায় মামলা রয়েছে।
এছাড়া এসআই মোহাম্মদ জালাল উদ্দিনের নেতৃত্বে জিআর পরোয়ানাভুক্ত আসামি শ্যামল খাঁন (৪৬) এবং এএসআই মো. নুর-আল আহসানের নেতৃত্বে জিআর পরোয়ানাভুক্ত আসামি মো. রাজিব মিয়া (২৫) কে গ্রেপ্তার করা হয়।
অন্যদিকে, এসআই মো. তারেক আজিজ ও এসআই মো. শামীম হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক সেবনের অভিযোগে মো. ইউসুফ (২১), মো. সোহাগ (১৮) ও রিফাত সরকার (২৬) কে আটক করা হয়। পরে তাদের সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়।
পুলিশ সূত্রে আরও জানা যায়, পৃথক অভিযানে গ্রেপ্তার ও আটক হওয়া সর্বমোট ১১ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।