কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৬৪ জনসহ মোট ২৮৮ জনকে আটক করা হয়েছে। গত ১৯ ও ২০ নভেম্বর ভোর পর্যন্ত জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে তাদের আটক করা হয়।
কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, পিপিএমের নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, আটক ২৮৮ জনের মধ্যে ২০৭ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বাকি ৮১ জনের কাছ থেকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।
জেলার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় নজরদারি জোরদার, অপরাধীদের শনাক্তকরণ এবং জননিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কর্মকাণ্ড প্রতিরোধে অভিযান চালানো হয়।
কুমিল্লা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অপরাধমুক্ত, শান্তিপূর্ণ ও নিরাপদ কুমিল্লা গড়ে তুলতে জেলা পুলিশ দৃঢ়প্রতিজ্ঞ। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরো বলেন, কুমিল্লা জেলা পুলিশ জানায়, মাদক, ছিনতাই, কিশোর গ্যাং, সন্ত্রাস ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।