দেশে এখনো একটি মানসম্মত জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণ না হওয়ায় সমালোচনা করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিভিন্ন খাতে ন্যূনতম মজুরি বাস্তবায়ন হলেও এখনো একটি অভিন্ন মানদণ্ড নির্ধারণ করা সম্ভব হয়নি।
শুক্রবার (১ মে) রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিশ্বের অনেক দেশে শ্রমিক অধিকার আন্দোলনের মাধ্যমে ন্যূনতম মজুরি প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাংলাদেশে এখনো একটি “ন্যাশনাল স্ট্যান্ডার্ড মিনিমাম ওয়েজ” নির্ধারণ হয়নি। তিনি দাবি করেন, শ্রমিকদের স্বার্থে এটি দ্রুত নির্ধারণ করা প্রয়োজন।
তিনি আরও বলেন, লেবার কোর্ট ও ট্রাইব্যুনালে শ্রমিকদের বিপুল সংখ্যক মামলা ঝুলে আছে, যার দ্রুত নিষ্পত্তি হওয়া জরুরি। একইসঙ্গে বন্ধ থাকা জুট মিলগুলো পুনরায় চালু করে কর্মসংস্থান সৃষ্টির আহ্বান জানান তিনি।
রিজভী অভিযোগ করেন, পূর্বে বিভিন্ন শিল্প ও বিদ্যুৎ প্রকল্প পরিকল্পিতভাবে বন্ধ করা হয়েছে এবং এতে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, সরকার এসব বিষয়ে শ্রমিকবান্ধব সিদ্ধান্ত নেবে।