উদ্দীপ্ত তরুণ মেধা, রঙিন স্বপ্ন আর আত্মোন্নয়নের নতুন বার্তা নিয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হলো ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম। এ আয়োজনের মধ্য দিয়ে সাফল্যের দ্বিতীয় বছরে পদার্পণ করল সদ্য যাত্রা শুরু করা শিক্ষাপ্রতিষ্ঠানটির কলেজ শাখা।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন কলেজ প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেন শিক্ষক ও জ্যেষ্ঠ শিক্ষার্থীরা। এ বছর প্রতিষ্ঠানটির বিভিন্ন বিভাগে মোট ৪৪ জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের স্বপ্নকে সুউচ্চ করার আহ্বান জানিয়ে যবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান বলেন, “প্রকৃত স্বপ্ন সেটাই, যা মানুষকে নিশ্চুপ ঘুমাতে দেয় না; বরং লক্ষ্য অর্জনে নিরন্তর তাগিদ যোগায়। জীবনের প্রতিটি পদক্ষেপে মা-বাবার অবদান ও শাসনকে শ্রদ্ধার সাথে স্মরণ রাখতে হবে। একইসাথে ডিগ্রিনির্ভর শিক্ষার ঊর্ধ্বে উঠে নীতি-নৈতিকতা ও সততায় বলীয়ান মানবিক নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে, তবেই দেশ দুর্নীতিমুক্ত হবে।”
শিক্ষার্থীদের সাথে অভিভাবক ও শিক্ষকমণ্ডলীর সম্পর্কের সেতু দৃঢ় করার তাগিদ দিয়ে বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান বলেন, “বয়স বাড়ার সাথে সাথে সন্তানদের মানসিক সংকোচ দূর করতে অভিভাবক ও শিক্ষকদেরই আগে এগিয়ে আসতে হবে। শাসন নয়, বরং মমতার স্পর্শে সন্তানদের মনের কবাট খুলে দিতে হবে যাতে যেকোনো সংকট তারা নির্বিঘ্নে শেয়ার করতে পারে। অনুকূল পরিবেশ পেলে আমাদের এই শিশুরাই একদিন বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকা উঁচিয়ে ধরবে।”
প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন যশোর সদরের সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. হায়দার আলী, গভর্নিং বডির সদস্য ড. মো. জহুরুল ইসলাম ও ড. ফারহানা ইসলাম।
শেষভাগে কলেজ শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন “জলতরঙ্গ”-এর পরিবেশনাও কুড়িয়েছে দর্শকপ্রশংসা।