পরিবার সূত্রে জানা যায়, গত দুই দিন ধরে তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। অবস্থার অবনতি হলে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন তাঁর ছেলে নূর ইবনে হাসনাত।
আবুল হাসনাত প্রদীপ দীর্ঘদিন ধরে নাট্যচর্চার সঙ্গে যুক্ত ছিলেন। তিনি নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট-এর জ্যেষ্ঠ সদস্য হিসেবে নিয়মিত মঞ্চে অভিনয় করতেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘কোর্ট মার্শাল’, ‘আমিনা সুন্দরী’, ‘গোলাপজান’ এবং ‘সময়ের প্রয়োজনে’।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাঁর মৃত্যুতে নাট্যদল গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় বলা হয়, তিনি ছিলেন দলের একজন নিবেদিতপ্রাণ ও নিয়মিত অভিনেতা, যার অবদান থিয়েটার আর্ট ইউনিটে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।







