মৌলভীবাজারের কুলাউড়ার হৃদয়বিদারক শিশু আনজুম হত্যা মামলায় শোকাহত পরিবারকে সান্ত্বনা দিতে মরহুমার বাড়িতে ছুটে গেছের বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (২৭ জুন) ঢাকা থেকে গিয়ে তিনি নিহত নাফিজা জান্নাত আনজুমের কবর জিয়ারত করেন এবং পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
প্রতিবাদী জনতার উদ্দেশে তিনি বলেন, এই নিষ্পাপ মেয়েটিকে হত্যা করে তার পরিবারের উপর যে জুলুম করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। খুনিকে রক্ষা করার কোনো চেষ্টা জনগণ সহ্য করবে না। আমরা এর সুষ্ঠু বিচার চাই এবং জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো ইনশাআল্লাহ।
বাড়ির আঙ্গিনায় স্থানীয় শত শত মানুষ জড়ো হয়ে ‘আনজুম হত্যাকারীর ফাঁসি চাই’ শ্লোগান দিতে থাকেন। উপস্থিত জনতাকে আশ্বস্ত করে ডা. শফিক বলেন, মামলাটিকে প্রভাবিত করার চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। পুলিশ যেন ন্যায়ের পক্ষে থাকে, তদন্তকারী কর্মকর্তা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন—এটাই আমাদের দাবি।
তিনি আরও জানান, ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ হয়েছে এবং মামলার নিরপেক্ষ তদন্তের বিষয়টি তিনি জোর দিয়ে বলেছেন।
আনজুমের বাড়িতে তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। যার মধ্যে ছিলেন- সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা আমীর ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলী, মাওলানা আব্দুর রহমান, মো. ইয়ামীর আলী, ছাত্রশিবিরের জেলা সভাপতি নিজাম উদ্দিন, উপজেলা সভাপতি আতিকুর রহমান তারেক প্রমুখ।
এ সময় গাংগুল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা ইউসুফ আলী, সাবেক উপজেলা আমীর আব্দুল হামিদ খানসহ অনেকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং হত্যার তীব্র নিন্দা জানান।
পরিবারের সঙ্গে সময় কাটিয়ে এবং কবর জিয়ারত শেষে ডা. শফিকুর রহমান সাংবাদিকদের বলেন, এই মেয়েটি যদি আমার নিজের মেয়ে হতো, আমি কীভাবে সেটা সহ্য করতাম? আজ আমি কোনো রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে চাই না। দয়া করে সবাই আজকের দিনটি এই পরিবারকে সম্মান জানিয়ে পার করুন।
আনজুমের মায়ের কান্নাভেজা কণ্ঠে করা বিচার চাওয়ার আহ্বান এবং পরিবারের ছোট ভাই-বোনের চোখের জল উপস্থিত অনেককেই আবেগপ্রবণ করে তোলে।