সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদের সময় মারধরের ঘটনাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা-সমালোচনা।
এ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শাহবাগ থানাও ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। এদিকে পিছিয়ে নেই বিনোদন অঙ্গনের মানুষরাও।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পালনের ধরন নিয়ে প্রশ্ন তুলে বিষয়টি নিয়ে আজ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।
পোস্টে তিনি লিখেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সন্দেহভাজনদের সার্চ বা জিজ্ঞাসাবাদ করা সংশ্লিষ্টদের দায়িত্বের মধ্যেই পড়ে। তবে দায়িত্ব পালনের সময় অপ্রয়োজনীয়ভাবে শারীরিক বা মানসিক হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তার ভাষায়, দেশের আইনশৃঙ্খলার যে অবস্থা, অবশ্যই সার্চ করবেন, জিজ্ঞাসাবাদ করবেন— এটা আপনাদের কাজ। কিন্তু গায়ে হাত তুলবেন কেন?
অভিনেত্রীর মতে, ক্ষমতার অপব্যবহারই সাধারণ মানুষের মনে অবিশ্বাস তৈরি করে। তিনি মনে করেন, আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ও সম্মান বজায় রাখতে হলে পেশাদার ও মানবিক আচরণ জরুরি।
ফারিয়া আরও লিখেন, শুধু শুধু ক্ষমতার অপব্যবহার করেন বলেই মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যায়। আমরা আপনাদের সম্মান করতে চাই, বিশ্বাস করতে চাই— আপনারা সত্যিই আমাদের সেবায় নিয়োজিত।
পোস্টের শেষাংশে তিনি নাগরিকদের মর্যাদা রক্ষার বিষয়টিকে গুরুত্ব দেন। তার বক্তব্য, দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাগরিকদের সম্মান ও মানবিক আচরণ পাওয়ার অধিকারও সমানভাবে নিশ্চিত করতে হবে।