কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) একটি সড়ক নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে।
উপজেলার দুলালপুর বাজার থেকে রফিক চেয়ারম্যানের বাড়ি হয়ে বেজোরা পর্যন্ত নতুন রাস্তা নির্মাণের কাজে এই অনিয়ম চলছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার স্থায়িত্ব নিশ্চিত করার জন্য যেখানে ভালো মানের ইটের খোয়া ব্যবহারের নিয়ম রয়েছে, সেখানে দেদারসে ব্যবহার করা হচ্ছে রাবিশ এবং অত্যন্ত নিম্নমানের খোয়া।
দৃশ্যমান এই চিত্র দেখে স্থানীয় এলাকাবাসী তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি, এভাবে কাজ চললে সরকারের কোটি কোটি টাকা অপচয় হবে এবং রাস্তাটি উদ্বোধনের কিছুদিন পরেই ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়বে।
এই অনিয়মের বিষয়ে জানতে কুমিল্লা জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এই বিষয়ে কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা অনতিবিলম্বে এই নিম্নমানের কাজ বন্ধ করে সিডিউল অনুযায়ী সঠিক ও গুণগত মানসম্পন্ন সামগ্রী দিয়ে রাস্তাটি নির্মাণের জন্য এলজিইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং জেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।