• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
সর্বশেষ
ভারতের পশ্টিমবঙ্গে সরকারের সমালোচনা করে পোস্ট, তিন কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার মক্কার আকাশে আবারও শত্রু ড্রোন ধ্বংসের দাবি সৌদি জোটের ১০ দিনে চার নির্বাচনে ধাক্কা খেল ইসরায়েল, কঠিন সমীকরণে নেতানিয়াহু ফিলিপাইনকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র দিতে যাচ্ছে ভারত হরমুজে তেলবাহী ২ ট্যাংকারে আগুন, দাবি ইরানের আকাশসীমায় ‘এক চীন নীতি’ প্রয়োগ করছে পাকিস্তান? এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ প্রায় দ্বিগুণ পাকিস্তানে নতুন করে ছড়াচ্ছে পোলিও, আক্রান্ত ৭ মাসের শিশুসহ ৯ জন পরীমনি ইস্যুতে রাশেদ খাঁনের পোস্ট, সাংবাদিক রাজুর পাশে থাকার বার্তা রাজধানীতে ২০৩০ সালের মধ্যে দুটি মনোরেল রুট নির্মাণের পরিকল্পনা

পাকিস্তানে নতুন করে ছড়াচ্ছে পোলিও, আক্রান্ত ৭ মাসের শিশুসহ ৯ জন

অনলাইন ডেস্ক / ১৯ Time View
Update : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬

পাকিস্তানে সাত মাস বয়সী এক শিশুর শরীরে নতুন করে পোলিওভাইরাস শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) খাইবার পাখতুনখোয়া প্রদেশের খাইবার জেলায় শিশুটির সংক্রমণ নিশ্চিত করা হয়। এ নিয়ে চলতি বছর দেশটিতে পোলিও আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে। আফগানিস্তান থেকে ছড়ানো পোলিও নিয়ে পার্শ্ববর্তী দেশগুলোতেও আতঙ্ক ছড়িয়ে পড়ছে।

পাকিস্তানের পোলিও নির্মূলবিষয়ক আঞ্চলিক রেফারেন্স ল্যাবরেটরি নতুন সংক্রমণের বিষয়টি নিশ্চিত করেছে। আক্রান্ত শিশুটি খাইবার জেলার বারা তহসিলের বাসিন্দা।

পাকিস্তানের পোলিও নির্মূল কর্মসূচির তথ্য অনুযায়ী, খাইবার জেলায় শনাক্ত হওয়া তিনটি সংক্রমণের ভাইরাসের সঙ্গে আফগানিস্তানে ছড়িয়ে পড়া ভাইরাসের জিনগত মিল রয়েছে। চলতি বছর আফগানিস্তানে এখন পর্যন্ত ৫০ জনের শরীরে পোলিও শনাক্ত হয়েছে। ফলে দুই দেশের সীমান্তবর্তী এলাকায় ভাইরাসটির বিস্তার নিয়ে উদ্বেগ বাড়ছে।

নতুন করে সংক্রমণ শনাক্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি স্বাস্থ্য কর্মকর্তা ও পোলিও নির্মূল দলের সদস্যদের চারটি প্রদেশ সফর করে এক সপ্তাহের মধ্যে রোগটি নির্মূলে সমন্বিত কৌশল তৈরির নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে পোলিওবিরোধী কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানিয়েছেন তিনি।

শাহবাজ শরিফ বলেন, পোলিও টিকাদান কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দুর্গম ও ঝুঁকিপূর্ণ এলাকায় তাঁদের নির্বিঘ্নে কাজের সুযোগ দেওয়া সরকারের অগ্রাধিকার। নিরাপত্তার অভাব ও যোগাযোগব্যবস্থার সীমাবদ্ধতায় যেসব এলাকায় টিকাদান কার্যক্রম ব্যাহত হয়েছে, সেগুলোতে বিশেষ নজর দেওয়া হবে।

প্রধানমন্ত্রী সারা দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি সম্প্রসারণেরও নির্দেশ দিয়েছেন। বিশেষ করে পোলিও আক্রান্ত ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে টিকাদান কার্যক্রম জোরদার করতে বলেছেন তিনি।

কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছর পাকিস্তানে শনাক্ত হওয়া ৯ রোগীর মধ্যে সাতজন খাইবার পাখতুনখোয়া এবং দুজন সিন্ধু প্রদেশের বাসিন্দা। খাইবার পাখতুনখোয়ায় আক্রান্তদের মধ্যে তিনজন খাইবার, তিনজন বান্নু এবং একজন উত্তর ওয়াজিরিস্তানের। অন্যদিকে সিন্ধুতে আক্রান্ত দুজনের একজন করাচি পূর্ব এবং অন্যজন সুজাওয়াল জেলার বাসিন্দা।

কর্মকর্তারা জানান, খাইবার জেলায় শনাক্ত হওয়া তিনটি সংক্রমণই আফগানিস্তান থেকে ছড়িয়ে পড়া ভাইরাসের সঙ্গে সম্পর্কিত। সীমান্ত পেরিয়ে মানুষের চলাচলও পাকিস্তানে ভাইরাসটির বিস্তারের অন্যতম কারণ।

এদিকে সিন্ধু প্রদেশে পরিবেশগত নমুনায় পোলিওভাইরাসের উপস্থিতি আগের তুলনায় কমেছে। পাঞ্জাবে ২০২৫ সালের ফেব্রুয়ারির পর নতুন কোনো রোগী শনাক্ত হয়নি। ২০২৫ ও ২০২৬ সালজুড়েও বেলুচিস্তানে কোনো সংক্রমণের খবর পাওয়া যায়নি। এ ছাড়া আজাদ জম্মু ও কাশ্মীর এবং গিলগিট-বালতিস্তান পোলিওমুক্ত রয়েছে।

টিকাদান কর্মীদের নিরাপত্তা বাড়ানো এবং খাইবার পাখতুনখোয়ার দক্ষিণাঞ্চলীয় জেলাগুলোতে তাঁদের কাজের সুযোগ সম্প্রসারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কর্মকর্তারা।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category