কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত লরির পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা থেকে একে একে চারটি যানবাহনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর। তাদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে চান্দিনা এলাকায় মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামগামী একটি চলন্ত লরির পেছনে সজোরে ধাক্কা দেয় ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা প্লাস পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এর কিছুক্ষণ পর বাসটির পেছনে ধাক্কা দেয় ঢাকা থেকে চট্টগ্রামগামী বেঙ্গল পরিবহনের একটি ডাবল ডেকার বাস। সবশেষে ওই বাসের পেছনে ধাক্কা দেয় একই অভিমুখে চলাচল করা একটি মাইক্রোবাস। এতে দুটি বাস, একটি লরি ও একটি মাইক্রোবাস দুর্ঘটনার কবলে পড়ে।
প্রত্যক্ষদর্শী হানিফ মুন্সি বলেন, যানবাহনগুলো কাছাকাছি দূরত্বে চলাচল করছিল। প্রথম বাসটি লরির পেছনে ধাক্কা দেওয়ার পর পেছনের যানবাহনগুলোও নিয়ন্ত্রণ হারিয়ে একে একে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরে দুর্ঘটনা কবলিত যানবাহনের চালক ও যাত্রীদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বে থাকা চিকিৎসক রানা জানান, আহতদের হাসপাতালে আনার পর প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো মহাসড়ক থেকে সরিয়ে নেওয়ার পর যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।