মান্না ও থালাপতি বিজয়কে একসঙ্গে দেখা গেছে—এমন একটি ছবি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ভাইরাল হওয়া সেই ছবিতে দেখা যায়, ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক মান্নার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন বর্তমান তামিল সুপারস্টার বিজয়।
দাবি করা হচ্ছে, প্রায় ২০ বছর আগে তোলা হয়েছিল ছবিটি। তবে এটি বাস্তব কোনো ছবি, নাকি কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তিতে তৈরি তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা।
অনেকেই মনে করছেন, ছবিটি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন, ছবিটি বাস্তবও হতে পারে। কারণ, মান্নার অভিনীত অনেক সিনেমার পোস্ট-প্রোডাকশনের কাজ ভারতের চেন্নাইয়ের প্রসাদ ল্যাব বা এভিএম স্টুডিওতে হতো।
২০০৩-০৪ সালের দিকে মান্না যখন ‘বাস্তব’, ‘মিনিস্টার’ কিংবা ‘বীর সৈনিক’ সিনেমার কাজে চেন্নাইয়ে ছিলেন, তখন একই স্টুডিওতে বিজয়র সিনেমার কাজও চলছিল।
সেই সূত্রেই তাঁদের সাক্ষাৎ হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন অনেকে।
তবে বিষয়টি নিশ্চিত করে বলতে পারেননি প্রয়াত মান্নার স্ত্রী শেলী মান্না। তিনি গণমাধ্যমে বলেন, ‘সেসময়টাতে আমি জব করতাম। অনেক আগের কথা, ঠিক মনে পড়ছে না।
বিজয় থালাপতির সঙ্গে তার দেখা হতেও পারে, প্রায়ই তো ইন্ডিয়ায় বিভিন্ন অনুষ্ঠানে ও কাজে যেত। তবে, নিশ্চিত করে বলতে পারছি না।’
ভাইরাল হওয়া পোস্টের নিচে ভক্তদের আবেগঘন মন্তব্যও নজর কেড়েছে। একজন লিখেছেন, ‘নায়ক মান্না ছিল গণমানুষের নায়ক। চলচ্চিত্রে জীবনের বাস্তবতাটাই সবসময় ফুটিয়ে তুলেছেন।
’ আরেকজনের মন্তব্য, ‘নায়ক মান্না রাজনীতিতে নেই, তাই তাঁর সম্মান চিরকাল থাকবে। আজ যদি রাজনীতি করতেন, তাহলে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি হতো।’
ঢালিউড ও কলিউডের এই দুই জনপ্রিয় তারকার ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায়, দুজনেই নিজ নিজ ইন্ডাস্ট্রিতে সাধারণ মানুষের নায়ক হয়ে উঠেছিলেন।