দুর্নীতির অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ২৬টি বিও (বেনিফিশিয়ারি ওনার্স) অ্যাকাউন্ট ফ্রিজের নির্দেশ দিয়েছেন আদালত। এসব অ্যাকাউন্টে থাকা শেয়ারের মোট মূল্য ৫৭৬ কোটি ৮ লাখ ৭৭ হাজার ৭৩০ টাকা।
বুধবার (৯ জুলাই) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এ আদেশ দেন।
দুদকের উপপরিচালক মো. মশিউর রহমান আদালতে বিও অ্যাকাউন্টগুলো ফ্রিজের আবেদন করেন। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা তানজির আহমেদ।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, তার পরিবার এবং স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশন, সিআইডি ও জাতীয় রাজস্ব বোর্ডের সাত সদস্যের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। অনুসন্ধানকালে গোপন সূত্রে জানা যায় যে, অভিযোগ সংশ্লিষ্ট সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিও হিসাবগুলো নগদায়নসহ অর্থ অন্যত্র স্থানান্তর/হস্তান্তর করার প্রচেষ্টা করা হচ্ছে। বর্ণিত বিও হিসাবগুলো নগদায়ন বা অর্থ অন্যত্র হস্তান্তর/স্থানান্তর হয়ে গেলে রাষ্ট্রের সমগ্র ক্ষতির সম্ভাবনা রয়েছে। সে কারণে বিও হিসাবগুলো নগদায়ন বা অর্থ উত্তোলন বন্ধ করার জন্য অবরুদ্ধ (ফ্রিজ) করা একান্ত আবশ্যক।