ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে হলে ভালো রাজনীতির চর্চা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত এক ফুটবল ম্যাচ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক পরিবর্তন আনতে চায় বিএনপি। এর অংশ হিসেবেই দল তাদের প্রতিষ্ঠাবার্ষিকীতে খাল ও নর্দমা পরিষ্কারের মতো জনবান্ধব কার্যক্রম এবং ফুটবল ম্যাচের আয়োজন করেছে, যাতে জনগণের ভোগান্তি না হয়।
তিনি বলেন, “ফ্যাসিবাদের পুনরুত্থান না ঘটুক চাইলে ভালো রাজনীতির সূচনা করতে হবে। জবরদস্তিমূলক মনোভাব পরিহার করতে হবে।”
শুধু আইন বা সংবিধান পরিবর্তন করে কার্যকর সংস্কার সম্ভব নয় উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, মনস্তাত্ত্বিক পরিবর্তন এবং সহনশীলতার মধ্য দিয়ে পরিবর্তন আনতে হবে। তিনি আরও বলেন, পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা জরুরি।