কুমিল্লা দেবিদ্বার পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম ভিপি শাহীন। এক বার্তার মাধ্যমে তিনি জানান, জনগণের সেবা ও অবহেলিত পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
জনসেবার লক্ষ্য ও উন্নয়নের অঙ্গীকার
রেজাউল করিম ভিপি শাহিন বলেন, বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা ও উন্নয়নের দিক থেকে দেবিদ্বার পৌরসভা বর্তমানে অনেকটাই পিছিয়ে আছে। দীর্ঘদিনের এই অবহেলা দূর করে জনগণের প্রকৃত সেবক হিসেবে পাশে দাঁড়ানোর লক্ষ্যেই তিনি নির্বাচনের মাঠে নামতে চান। তিনি বিশ্বাস করেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে দেবিদ্বার পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভা হিসেবে গড়ে তোলা সম্ভব।
পৌর নির্বাচনের আগ্রহ প্রকাশের পাশাপাশি তিনি মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,
”আমি কোনো ব্যক্তিগত লাভের জন্য নয়, বরং মানুষের অধিকার প্রতিষ্ঠা ও জনগণের প্রতিনিধি হয়ে সেবার মানসিকতা নিয়ে দেবিদ্বারবাসির পাশে থাকতে চাই।”
সাবেক এই ছাত্রনেতা ও যুবদল নেতার নির্বাচনী মাঠে আসার ঘোষণায় তার অনুসারী ও স্থানীয় সাধারণ মানুষের মধ্যে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।