গ্যাস পাইপলাইনের ওপর অবৈধভাবে পাইলিং করার সময় সৃষ্ট লিকেজের কারণে ঢাকার কেরানীগঞ্জ ও এর আশপাশের বেশ কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত লাইনের মেরামত কাজ চলমান রয়েছে এবং তা শেষ হওয়া মাত্রই দ্রুততম সময়ের মধ্যে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, ঢাকার কালিবাড়ী রোড, চুনকুটিয়া ও কেরানীগঞ্জ এলাকায় উচ্চচাপবিশিষ্ট (পিএসআইজি) গ্যাস পাইপলাইনের ওপর অবৈধ পাইলিংয়ের কারণে লিকেজের সৃষ্টি হয়। এই ছিদ্র বা লিকেজ মেরামতের স্বার্থে দক্ষিণ কেরানীগঞ্জ, জিনজিরা, চুনকুটিয়া, কালিগঞ্জ, বেগুনবাড়ী, খোলামোড়া ও এর আশপাশের এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, মেরামত কাজ সম্পন্ন হওয়ার পরপরই উল্লিখিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ চালু করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য সংশ্লিষ্ট এলাকার সম্মানিত গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।