• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা গোপালগঞ্জে মোবাইল ব্যাংকিং বন্ধ, ভোগান্তিতে সাধারণ মানুষ ট্যুরিজম মডারেটর এক্সিলেন্স সামিট ২০২৬ কুসিক প্রশাসক টিপু থেকে সনদ গ্রহণ করলেন সাংবাদিক মীর্জা সাইদিয়া আইরিন জ্যোতি নান্দনিক সোসাইটি কেয়ার ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাঘারপাড়ায় বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল, জনসমাগমে মুখরিত বাঘারপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কারকর চন্দনাইশে নতুন সহকারী কমিশনার (ভূমি) আফরিন ফারজানা পিংকিকে ফুলেল শুভেচ্ছা. কয়লাভিত্তিক দুটি বিদ্যুৎকেন্দ্রের ট্যারিফ কাঠামো অনুমোদন দিয়েছে সরকার

স্বতন্ত্র বোর্ডে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব নির্দেশনা: মাহ্দী আমিন

অনলাইন ডেস্ক / ১৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

বর্তমান গণতান্ত্রিক সরকার ইতিহাসে প্রথমবারের মতো অত্যন্ত দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করেছে এবং বোর্ডটি স্বাধীনভাবে নিম্নতম মজুরি নির্ধারণ করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিন। স্বতন্ত্র মজুরি বোর্ডে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য মজুরি কাঠামো নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরস্থ শ্রম ভবনের সভাকক্ষে গার্মেন্টস শিল্প সেক্টরে ন্যূনতম মজুরি নির্ধারণ-২০২৬ সংক্রান্ত বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এই মুখপাত্র এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে মাহ্দী আমিন বলেন, প্রধানমন্ত্রী সবসময় শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নে শ্রমঘন অঞ্চলগুলোতে ডায়াগনস্টিক সেন্টারসহ সাতটি ১০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত হাসপাতাল নির্মাণ, ‘ফ্যামিলি কার্ড’ প্রদান এবং বেতন বৃদ্ধির অজুহাতে বাড়িভাড়া ও যানবাহনের খরচ বৃদ্ধি রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। শ্রমঘন এলাকাগুলোতে ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল পৌঁছে দেওয়া হচ্ছে। পাশাপাশি শ্রমিকদের সন্তানদের শিক্ষা ব্যয় সাশ্রয়ী করতে শ্রমঘন এলাকাগুলোর প্রাথমিক বিদ্যালয়ে বিনামূল্যে স্কুল ড্রেস, মিড-ডে মিল, জুতা ও ব্যাগ দেওয়া হচ্ছে এবং পুনঃভর্তি খরচ বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়া শ্রমিকদের আবাসন ব্যবস্থার উন্নয়নে শ্রমঘন এলাকাগুলোতে বহুতল অ্যাপার্টমেন্ট তৈরির বিষয়েও প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে পোশাক (গার্মেন্টস) খাতের যে যাত্রা শুরু হয়েছিল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়ে যার ব্যাপক উন্নয়ন ঘটেছিল, আজকের গণতান্ত্রিক অভিযাত্রায় প্রধানমন্ত্রী তারেক রহমান সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন।

সরকারের কার্যক্রমের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, সরকার গঠনের পর অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে শ্রমবান্ধব ‘শ্রম আইন’ পাশ করা হয়েছে। বিশ্বজুড়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে সৃষ্ট নানামুখী চ্যালেঞ্জ এবং গার্মেন্টসসহ বিভিন্ন শিল্পে জ্বালানি সংকট থাকা সত্ত্বেও দ্রুততম সময়ে মজুরি বোর্ড গঠন করা সম্ভব হয়েছে। আগে সাধারণত প্রতি পাঁচ বছর পর পর মজুরি বোর্ড গঠিত হতো; কিন্তু ২০২৩ সালের পর ২০২৬ সালে, অর্থাৎ মাত্র তিন বছরের মাথায় নানা সীমাবদ্ধতা সত্ত্বেও মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

তিন বছরের ব্যবধানে মজুরি বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ

পোশাক খাতের শ্রমিকদের চারটি গ্রেডে গত তিন বছরের ব্যবধানে ৩৬ থেকে ৪৩ শতাংশ মজুরি বৃদ্ধি পেয়েছে বলে জানান মাহ্দী আমিন। অর্থের হিসাবে ন্যূনতম ৪ হাজার ৫০০ টাকা থেকে গ্রেডভেদে ৬ হাজার ৪৬৫ টাকা পর্যন্ত বেতন বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিন বছরের ব্যবধানে মজুরি বৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরে তিনি জানান, প্রথম গ্রেডে ২০২৩ সালে নির্ধারিত ১৫ হাজার ৩৫ টাকা থেকে ৪৩ শতাংশ বা ৬ হাজার ৪৬৫ টাকা বেড়ে এ বছর ২১ হাজার ৫০০ টাকা নির্ধারিত হয়েছে। দ্বিতীয় গ্রেডে ২০২৩ সালের ১৪ হাজার ২৭৩ টাকা থেকে ৪০ দশমিক ১১ শতাংশ বা ৫ হাজার ৭২৭ টাকা বেড়ে এবার নির্ধারিত হয়েছে ২০ হাজার টাকা। এছাড়া তৃতীয় গ্রেডে ১৩ হাজার ৫৫০ টাকা থেকে ৪১ দশমিক ৭০ শতাংশ বা ৫ হাজার ৬৫০ টাকা বেড়ে ১৯ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আর চতুর্থ গ্রেডে নিম্নতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে ৩৬ শতাংশ বা ৪ হাজার ৫০০ টাকা বেড়ে ১৭ হাজার টাকায় উন্নীত হয়েছে।

বৈশ্বিক নানা চ্যালেঞ্জের মধ্যেও এই বেতন বৃদ্ধি শ্রমিকদের জীবনমানে ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন মাহ্দী আমিন। তিনি বলেন, নির্ধারিত এই মূল মজুরির সাথে বোনাস এবং ওভারটাইম যুক্ত হলে মাস শেষে শ্রমিকরা যে অর্থ হাতে পাবেন, তা তাঁদের আরও ভালো ও সম্মানজনক অবস্থানে নিয়ে যাবে। মালিক প্রতিনিধিদের বরাত দিয়ে তিনি জানান, শ্রমিকদের একটি বড় অংশ মাস শেষে ২৫ হাজার টাকা বা তারও বেশি বেতন বাড়িতে নিয়ে যেতে পারবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বহুমাত্রিক দিক বিবেচনা করেই নতুন মজুরি কাঠামো

মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতাসহ বহুমাত্রিক বিষয় বিবেচনায় নিয়েই স্বতন্ত্র মজুরি বোর্ড নতুন মজুরি কাঠামো নির্ধারণ করেছে বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। নতুন এই কাঠামো শ্রমিক ও মালিক উভয় পক্ষের কাছেই গ্রহণযোগ্য হয়েছে এবং সবাই এতে সন্তোষ প্রকাশ করেছেন বলে তিনি উল্লেখ করেন।

মাহ্দী আমিন বলেন, নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক, মালিক এবং বোর্ডের সদস্যরা দেশের অন্যান্য শিল্পের মজুরি কাঠামো, বড়-মাঝারি ও ক্ষুদ্র কারখানাগুলোর অবস্থা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী রাষ্ট্রগুলোর বেতন কাঠামোও তুলনামূলক পর্যালোচনা করেছেন। মজুরি বোর্ডের এই সিদ্ধান্তে সরকারের কোনো সরাসরি হস্তক্ষেপ ছিল না জানিয়ে তিনি বলেন, সরকার কেবল প্রক্রিয়াটি সহজতর করেছে এবং সর্বোচ্চ আন্তরিকতার সাথে সমর্থন জুগিয়েছে।

​প্রধানমন্ত্রীর শ্রমবান্ধব দৃষ্টিভঙ্গির কথা তুলে ধরে এই উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রী সবসময় শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়েছেন। তিনি বিশ্বাস করেন, বাংলাদেশের শ্রমিকদের ত্যাগ, শ্রম ও ঘামের সাথে মিশে থাকা আবেগ ও আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবেই আজ বিশ্বজুড়ে ‘মেড ইন বাংলাদেশ’ পরিচিতি লাভ করেছে। দেশের এই গৌরবের জায়গাটি শ্রমিকদের কষ্টার্জিত অর্জনের সাথে সরাসরি জড়িত।

সাত হাসপাতাল, ফ্যামিলি কার্ড, ভর্তুকি মূল্যে চাল ও বাড়িভাড়া নিয়ন্ত্রণে পদক্ষেপ

মাহ্দী আমিন বলেন, সংসদে প্রধানমন্ত্রী ছয়টি বিশেষায়িত ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের ঘোষণা দিলেও শ্রমিকদের মতামতকে গুরুত্ব দিয়ে তা বাড়িয়ে সাতটিতে উন্নীত করা হয়েছে। এই হাসপাতালগুলোতে ডায়াগনস্টিক সেন্টারও থাকবে এবং ইতোমধ্যে জমি অধিগ্রহণের কাজ চলমান রয়েছে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় খুব দ্রুত এই সাতটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চলমান ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, দ্রুততম সময়ে পোশাক শ্রমিকদের মাঝে এই কার্ড পৌঁছে দিতে মন্ত্রণালয় কাজ করছে। এক্ষেত্রে নারী শ্রমিকদের নিজেদের নামে এবং পুরুষ শ্রমিকদের স্ত্রীদের নামে ফ্যামিলি কার্ড প্রদানের ক্ষেত্রে পোশাক শিল্পকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে। এছাড়া ইতোমধ্যে শ্রমঘন এলাকাগুলোতে ওএমএস ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে চাল পৌঁছে দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আরও বেশি সংখ্যক পোশাক শ্রমিক যেন এই সুবিধা পান, সেজন্য ওএমএস কার্যক্রমের ব্যাপ্তি বাড়াতে খাদ্য মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

মজুরি বৃদ্ধির পরপরই বাড়িভাড়া ও যাতায়াত খরচ বেড়ে যাওয়ার প্রবণতা রোধে সরকারের অবস্থানের কথা জানিয়ে মাহ্দী আমিন বলেন, হুট করে বাড়িভাড়া বাড়ানোর সংস্কৃতি চিরতরে বন্ধ করতে আইনের কঠোর প্রয়োগ থাকবে। প্রধানমন্ত্রীর নির্দেশনায় এলজিআরডি মন্ত্রণালয় ইতোমধ্যে সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে বাড়ির মালিকদের সাথে আলোচনা শুরু করেছে। একইভাবে হঠাৎ করে বাসভাড়া বা যানবাহন খরচ যেন না বাড়ে, সেজন্য পরিবহন ও সড়ক মন্ত্রণালয়ও কাজ করছে। পাশাপাশি শ্রমিকদের আবাসন সংকট নিরসনে শ্রমঘন এলাকাগুলোতে বহুতল অ্যাপার্টমেন্ট তৈরির বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান তিনি।

দেশের বিপুল সংখ্যক শ্রমিক যে খাতটিতে রয়েছেন, তার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে বলে জানান মাহ্দী আমিন। শিল্পের জ্বালানি সংকট মোকাবিলায় তৃতীয় এফএসআরইউ-এর কাজ চলছে এবং তেলের উৎসকে বৈচিত্র্যময় করা হচ্ছে।

শিল্প, শ্রমিক ও সরকারের সমন্বিত উদ্যোগ

শিল্প ও শ্রমিককে একে অপরের পরিপূরক উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, শিল্প বড় হলে কর্মসংস্থান বাড়বে এবং মালিকদের সক্ষমতা বাড়লে শ্রমিকদের সুযোগ-সুবিধাও বাড়বে। বহুমুখী পরিকল্পনা ও প্রধানমন্ত্রীর নির্দেশনার মাধ্যমে শ্রমিক ও মালিকরা এক হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাবেন। ‘মেড ইন বাংলাদেশ’ স্লোগানকে ধারণ করে স্বনির্ভর ও সার্বভৌম বাংলাদেশের প্রাণকেন্দ্রে শ্রমিকরা থাকবেন উল্লেখ করে তিনি বলেন, শিল্প, শ্রমিক, মালিক এবং সরকারের অংশীজনরা মিলে পোশাক শিল্পকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাওয়া হবে।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় নিম্নতম মজুরি ঘোষণা করায় বোর্ড সংশ্লিষ্টদের ধন্যবাদ

মজুরি বোর্ডের সদস্যদের প্রশংসা করে মাহ্দী আমিন বলেন, এই বোর্ডের সদস্যরা প্রত্যেকেই অত্যন্ত গ্রহণযোগ্য ও সর্বজনশ্রদ্ধেয়। শ্রমিক ও শিল্পের স্বার্থ রক্ষায় তাঁদের নিরপেক্ষতার কারণে সবাই তাঁদের সম্মান করেন। শ্রমিক প্রতিনিধি সব শ্রমিকের প্রতিনিধিত্ব করেছেন এবং মালিক প্রতিনিধিও একজন শ্রমবান্ধব ব্যবসায়ী হিসেবে পরিচিত। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার প্রত্যাশা অনুযায়ী মজুরি বোর্ড সম্পূর্ণ স্বাধীন, নিরপেক্ষ ও স্বতন্ত্রভাবে কাজ করে নিম্নতম মজুরি নির্ধারণ করেছে, যেখানে সরকারের কোনো সম্পৃক্ততা বা প্রভাব ছিল না। এজন্য বোর্ড সংশ্লিষ্টদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

শান্তিপূর্ণ পরিবেশে কারখানাগুলোর উৎপাদন যেন অব্যাহত থাকে এবং শ্রমিকরা যেন আনন্দের সাথে কাজে যোগদান করেন সেই আহ্বান জানিয়ে তিনি বলেন, নিরপেক্ষভাবে ঘোষিত এই মজুরি কাঠামোকে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ আনুষঙ্গিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে আরও অর্থবহ করে তোলা হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শামছুর রহমান শিমুল বিশ্বাস, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আব্দুর রহমান তরফদার, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মজুরি বোর্ডের সদস্য ও টিসিসি’র সহসভাপতি আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের প্রফেসর ও মজুরি বোর্ডের সদস্য ড. মোসলেহ উদ্দিন আহমদ, বিজিএমইএ-এর পরিচালক ও মজুরি বোর্ডের সদস্য এবি এম সামছুদ্দিন, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মজুরি বোর্ডের সদস্য বাবুল আখতার, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব ও মজুরি বোর্ডের সদস্য আসিফ আইয়ুব, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশনের সভাপতি তাসলিমা আখতার, বাংলাদেশ লেবার কংগ্রেসের সাধারণ সম্পাদক নাজমা আক্তারসহ বিজিএমইএ, বিকেএমইএ এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category