যশোরের বাঘারপাড়ায় বিএনপির উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী আওয়ামী লীগের সৃষ্ট নৈরাজ্য, সহিংসতা, জ্বালাও-পোড়াও ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের প্রতিবাদে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে পৌর শহরের রাজপথ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। মিছিলে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার সৃষ্টি করে। আয়োজকদের দাবি, সাম্প্রতিক সময়ে বাঘারপাড়ায় কোনো রাজনৈতিক দলের উদ্যোগে এত বড় মিছিল অনুষ্ঠিত হয়নি।
উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক প্রকৌশলী টি এস আইয়ুব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আঃ রহমান মিন্টু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আঃ সালাম সৌদি, সহসভাপতি আনিসুর রহমান, সম্মানিত সদস্য গোলাম মোস্তফা শিকদার, যুগ্ম সম্পাদক আসলাম হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, যুগ্ম সম্পাদক নাজমুল আল মামুন শের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল মোড়ল, কৃষক দলের সাধারণ সম্পাদক আঃ মানিক, সাংগঠনিক সম্পাদক মেহেদী খন্দকার ও হাবিবুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌর যুবদলের সাবেক আহ্বায়ক মোঃ সেলিম রেজা। বর্তমান আহ্বায়ক হিরু আহম্মেদ, সদস্য সচিব বাবুল আকতার, সাংগঠনিক সম্পাদক তিতাস মোল্যা, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব পারভেজ হোসেন, সাবেক ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি নাঈম হোসেন, ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক বিকে বিল্লাল, সদস্য সচিব টগর হোসেন, তাসকিন আহম্মেদ, আবু তালেবসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী টি এস আইয়ুব বলেন, দেশে কোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও কিংবা ধ্বংসাত্মক কর্মকাণ্ডের স্থান হতে পারে না। জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে তানিয়া রহমান বলেন, বাঘারপাড়ার মাটি ও মানুষ বিএনপির সঙ্গে রয়েছে। আজকের এই বিশাল জনসমাগম তারই প্রমাণ। সকল ষড়যন্ত্র ও অপতৎপরতার বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
অন্যান্য বক্তারাও দেশের সার্বিক পরিস্থিতি, রাজনৈতিক স্থিতিশীলতা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।
বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের মধ্য দিয়ে বাঘারপাড়ায় নিজেদের সাংগঠনিক উপস্থিতি তুলে ধরে উপজেলা ও পৌর বিএনপি প্রমুখ।