জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সংবাদ সম্মেলনে হট্টগোল ও বাদানুবাদের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রাজধানীতে ঈদুল ফিতরের কর্মসূচি ঘোষণা সংক্রান্ত এক সংবাদ সম্মেলন শেষে এক যুবক আসিফ মাহমুদের কাছে বন্যার ত্রাণের টাকার হিসাব দাবি করলে এই পরিস্থিতির সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সংবাদ সম্মেলন শেষ করে আসিফ মাহমুদ যখন সভাস্থল ত্যাগ করছিলেন, তখন এক ব্যক্তি সামনে এগিয়ে এসে বন্যার ফান্ডের টাকার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলেন। ওই ব্যক্তি সরাসরি জানতে চান, “বন্যার সময় যে অর্থ সংগ্রহ করা হয়েছিল, সেই টাকার হিসাব কি এখন পাওয়া যাবে? ওই টাকাগুলো এখন কোথায়?”
পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে এনসিপির সমর্থকরা ওই ব্যক্তিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও তিনি নিজের অবস্থানে অনড় থেকে পাওনা হিসাবের দাবি জানাতে থাকেন।
এর আগে সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীতে এনসিপির তিন দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ উৎসবের পরিকল্পনা তুলে ধরেন।
তিনি জানান, উৎসবের প্রধান আকর্ষণ হিসেবে ঈদের দিন একটি ঐতিহ্যবাহী ও বর্ণাঢ্য ‘ঈদের মিছিল’ বের করা হবে। এই আয়োজন সফল করতে ইতিমধ্যে একটি কেন্দ্রীয় বাস্তবায়ন কমিটি ও প্রয়োজনীয় উপকমিটি গঠন করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।