বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালিকে (Strait of Hormuz) কেন্দ্র করে নতুন কৌশল নিতে যাচ্ছে ইরান (Iran)। দেশটি জানিয়েছে, এই সমুদ্রপথে নির্দিষ্ট রুটে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষ মেকানিজম বা পদ্ধতি তৈরি করা হয়েছে, যা খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
শনিবার (১৬ মে) ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজি এ তথ্য জানিয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।
ইব্রাহিম আজিজি জানান, ইরানের তৈরি এই নতুন ব্যবস্থার সুফল কেবল বাণিজ্যিক জাহাজ এবং তেহরানের সঙ্গে সহযোগিতাপূর্ণ সম্পর্ক রাখা পক্ষগুলোই পাবে। একই সঙ্গে এই পদ্ধতির আওতায় বিশেষায়িত সেবা প্রদানের বিপরীতে জাহাজগুলোর কাছ থেকে নির্দিষ্ট ফি বা শুল্ক আদায় করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া
ইরানের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। এর আগেই তিনি হরমুজ প্রণালি ব্যবহারকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে সতর্ক করে বলেন, নিরাপদ যাতায়াতের জন্য ইরানকে কোনো ধরনের অর্থ বা ফি দেওয়া হলে নিষেধাজ্ঞার মুখে পড়তে হতে পারে।
এদিকে বিশ্ববাজারে তেল ও গ্যাস সরবরাহের জন্য হরমুজ প্রণালি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মধ্যপ্রাচ্যের বিপুল পরিমাণ জ্বালানি এই পথ দিয়েই আন্তর্জাতিক বাজারে পৌঁছে।
প্রায় আড়াই মাস আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বোমাবর্ষণ শুরুর পর ইরান নিজেদের জাহাজ ছাড়া প্রায় সব ধরনের বিদেশি জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। এর ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের বিঘ্ন তৈরি হয় এবং আন্তর্জাতিক বাজারে উদ্বেগ বাড়ে।
গত মাসে যুক্তরাষ্ট্র সাময়িকভাবে বোমাবর্ষণ স্থগিত করলেও ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ এখনো বহাল রয়েছে।